এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগের জোরালো আলোচনায় রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ। আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা ও আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতা বিবেচনায় শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে এ পদে দেখতে চান।
বর্তমানে তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিবি খাদিজা হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও ইন্টারনাল অডিট কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে সক্রিয় ছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বিগত বিভিন্ন দুর্দিন ও দুঃসময়ে দুর্নীতি ও সুশাসনের পক্ষে তাঁর অবস্থান শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তাঁকে আস্থার প্রতীকে পরিণত করেছে।
১৫ বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন ড. মাসুদ গ্রেড-৩ অধ্যাপক হিসেবে কর্মরত। দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পাকিস্তানের আইবিএ, করাচি থেকে পোস্টডক সম্পন্ন করা এই গবেষকের গুগল স্কলারে সাইটেশন প্রায় ২ হাজার ৪০০। শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ ও ২০২৬ সালে টানা দুইবার ডিনস অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
তবে কোষাধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন বা শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় বিষয়টি নিয়ে অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।