মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি জামান উল্লাহ মুকুল ও সহ-সেক্রেটারি মাওলানা ইসমাইলের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বিশিষ্ট সমাজসেবক ডা. বোরহান উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, চর জব্বর ইউনিয়ন জামায়াতের আমির মো. ওমর ফারুক, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল আলম, চর জুবিলী ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ আহমেদ হেলাল, সুবর্ণচর উপজেলা এনসিপি নেতা মামুনুর রশিদ তুষার, চর আমান উল্লাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়সাল বিন মোস্তাফা, চরক্লার্ক ইউনিয়ন জামায়াতের আমির আবুল কাশেম, মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরনবী হায়দার, চর ওয়াপদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু ইউসুফ, সুবর্ণচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডা. বোরহান উদ্দিন তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, দেশে যেন আর কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরে শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। তারা জনগণের রায় ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং কোনো ধরনের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হলে জনগণই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী মিছিল ও স্লোগানসহ সমাবেশে অংশ নেন।