মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশগত সহনশীলতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাদাবন সংঘের উদ্যোগে মোংলার বাঁশতলা গ্রামে ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা উপজেলার বাঁশতলা ব্রীজ সংলগ্ন চর এলাকায় ম্যানগ্রোভের বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন সংঘের প্রোজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশযোদ্ধা, ধরা'র কেন্দ্রীয় নেতা মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবনের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন।

বৃক্ষ রোপণ কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা জিয়ার শেখ, পরিবেশকর্মী মেহেদী হাসান, বাদবান সংঘের নাজমিরা জুঁই, নাঈম হাসান প্রমূখ। চারা রোপণ কর্মসূচিতে স্থানীয় নারী মৎস্যজীবী, কমিউনিটির সদস্য, জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ বলেন ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুরক্ষাবলয়। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এ উদ্যোগ সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি আরো বলেন সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবে। বেসরকারি উন্নয়ন সংস্থা সরকারের এই উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করবেন। বিশেষ অতিথির বক্তৃতায় বনকর্মকর্তা শেখ শাহাদাত হোসেন বলেন বনায়নের মাধ্যমে উপকূলের বিপর্যয় ও পরিবেশ রক্ষা করতে হবে। সুন্দরবন রক্ষায় আমাদের সকলকে আন্তরিক হতে হবে।
সভাপতির বক্তব্যে বাদাবন সংঘের প্রোজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার বলেন বাদাবন সংঘ বিশ্বাস করে, স্থানীয় জনগোষ্ঠী বিশেষ করে নারী মৎস্যজীবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করা সম্ভব। উল্লেখ্য ম্যানগ্রোভ চারা রোপণ'র এই কার্যক্রমটি যুক্তরাজ্যের Foreign, Commonwealth and Development Office (FCDO)-এর সহায়তায় OCEAN Community Fund অর্থায়িত “Mangrove Restoration” প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে বাদাবন সংঘ।