॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ শনিবার (১৫ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুস্তাক শেখ (৪৩) ও মো. শিহাব হোসেন (২৮) নামের ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ধৃত মো. মুস্তাক শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার খালকুলা গ্রামের মৃত তারিফ শেখের ছেলে এবং মো. শিহাব হোসেন একই উপজেলার সাধুহাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ শনিবার দিনগত গভীর রাতে পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী মল্লিক পাড়া গ্রামের জনৈক সাইফুলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪৪ পিস ইয়াবাসহ তাদের আটক করেন।
এ ব্যাপারে রবিবার (১৬ আগস্ট) মো. মুস্তাক শেখ ও মো. শিহাব হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।