শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পৃক্ত এক নেতার ইয়াবা সেবনের দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়া ছবিতে নাঈম খান নামে এক ব্যক্তিকে মাদক সেবনের মতো অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে ছবিটি কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ছবিতে থাকা ব্যক্তিই শাহজাদপুর উপজেলা পর্যায়ে এনসিপির সংশ্লিষ্ট নেতা কি না, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ছবির সত্যতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে মো. নাঈম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এখনও এনসিপি থেকে আমাকে কোনো পদ-পদবি দেওয়া হয়নি। তবে সামনে দেওয়া হবে। আমি এনসিপিকে ভালোবাসি, তাই শুরু থেকেই তাদের সঙ্গে আছি। আমি তো সিগারেটই খাই না, ইয়াবা কীভাবে খাব? এসব অপপ্রচার কে করছে, তা আমি জানি না।”
তবে ভাইরাল হওয়া ছবিটির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও তথ্য ও বক্তব্য পাওয়া গেলে প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে।