মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
‘দক্ষতায় শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’- র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘একফরটি’ (ACTFORIT) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন প্রান্তিক ও দূরবর্তী এলাকা থেকে প্রায় ১৫০ থেকে ২০০ জন তরুণ-তরুণী ও যুব নারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের সুবিধাজনক ও পছন্দসই বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণের জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করেন।
সিডো-র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর সঞ্জিত কুমার দাস, অধ্যক্ষ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অপু হালদার, সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজিজুল হক, জব প্লেসমেন্ট অফিসার সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মো: আরিফুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার মুশিদ আলম, প্রশিক্ষক মহিলা বিষয়ক অধিদপ্তর মোছা: লুৎফুন নাহার বিথী প্রমুখ,।
সানজিদা নাহার শোভা বলেন “‘দক্ষতায় শক্তি’—এই ভাবনা নিয়ে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’-এ একজন তরুণী হিসেবে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। পিছিয়ে পড়া যুব ও নারী সমাজের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বাস্তবভিত্তিক কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। সিডো ও একশনএইড বাংলাদেশকে এই আয়োজনের জন্য ধন্যবাদ। প্রত্যাশা করি, সাতক্ষীরার প্রতিটি প্রান্তে যেন এই প্রশিক্ষণ পৌঁছে যায়, যাতে আমাদের তরুণ ও নারী সমাজ দক্ষ হয়ে অর্থনীতিতে অবদান রাখতে পারে।”
বক্তারা বলেন, আধুনিক কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে কারিগরি ও বাস্তবভিত্তিক দক্ষতার কোনো বিকল্প নেই। এই উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া যুবসমাজ আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।