মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবেনা, অবশ্যই দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করবে।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবেনা, তাদেরকে কোন ছাড় দেয়া হবেনা। তাদের পরিচয় তারা মাদক কারবারি ও চাঁদাবাজ। তিনি আরো বলেছেন, বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এটা বন্ধে সবাই সচেতন হতে হবে। এসব অবৈধ ব্যাপারে কেউ তদবির নিয়ে আসবেন না। আমি বিষ প্রয়োগ, বাঘ-হরিণ শিকার প্রশ্রয় দিবোনা। সুতরাং দুর্বৃত্তায়ন যারা করছেন তারা সতর্ক ও ভাল হয়ে যান। দলের পরিচয় এসব অপকর্ম করলে কেউ ছাড় পাবেননা।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা অন্য দলের মত না, আমরা ব্যতিক্রম। কারণ আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হলেন এমন যে ভোট যারা দেয়নি তাদের সাথে আগে কোলাকুলি করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, মৃধা ফারুকুল ইসলাম ।
এ মতবিনিময় সভায় পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী মহিলা দল নেত্রী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।