মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ এলাকায় ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দুই কিশোর-কিশোরী।
শনিবার রাত ৮টার দিকে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক এবং কুতুপালং ক্যাম্প থেকে ঘুরতে আসার কথা স্বীকার করেন। পরে তারা এলাকা ছাড়তে বাসের টিকিট কাটতে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
চরজব্বার থানার ওসি রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। যাচাই শেষে তাদের নিরাপদে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে, ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থান এবং সুবর্ণচরের সঙ্গে নৌপথে যোগাযোগ থাকায় এ অঞ্চলে রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল বাড়তে পারে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কোনো স্থানীয় ব্যক্তি বা চক্রের মাধ্যমে তাদের এ এলাকায় আনা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।