মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাসের সঞ্চালনায় এবং নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুপম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, চরবাটা ইসমাঈলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামচ্ছুজ্জামান নিজাম, যুবদল নেতা নূরুল হুদা, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন শাকিল ও ছাত্রদল নেতা মামুন হোসেন রোহান। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের অনুভূতি তুলে ধরেন। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিগত দিনে তাঁর বিভিন্ন অবদানের কথাও স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।