মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে এক প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খোকন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন নবী মিয়া, অভিভাবক সদস্য গোকুল চন্দ্র মোদক, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন এবং ছাত্র অভিভাবক মোছা. মনোয়ারা খাতুন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ এবং বাড়িতে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত পাঠদান, বাড়িতে সুন্দর ও নিরিবিলি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে সমাবেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।