মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার রইচপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ শে আগস্ট বুধবার সকাল ৬টায় রইচপুর গ্রামবাসীর উদ্যোগে সাতক্ষীরার রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। ছোট-বড় সব বয়সের মানুষের অংশগ্রহণে র্যালিটি এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়। অংশগ্রহণকারীদের মাথায় বিশেষ ব্যাজ ক্যাপ এবং হাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্বলিত ব্যানার শোভা পায়।র্যালি শেষে রইচপুর রাজ্জাকের মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন "জশনে জুলুস অর্থ আনন্দের সাথে প্রিয় রাসূলের (সাঃ) শানে মিছিল বা শোভাযাত্রা করা। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁর আগমন না হলে আমরা অন্ধকার থেকে আলোর দিশা পেতাম না। এই র্যালির মাধ্যমে আমরা নবীজির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আমাদের শান্তি, দয়া, ক্ষমা ও মানবতার বার্তা দিয়েছেন। শুধু র্যালিতে অংশগ্রহণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং সত্য বলা, মানুষের উপকার করা এবং সৎ পথে চলার মাধ্যমে নবীজির সুমহান আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশেকে রসূল মাহবুব আলম, আলিপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মো. আজগার আলী এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিশ্বনবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণ, সকলের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদ (রইচপুর পশ্চিম পাড়া)-এর ইমাম ও খতিব হাফেজ মো. আব্দুল্লাহ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।