মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, মারধর ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাংবাদিক আয়ুব আলী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে আয়ুব আলী অভিযোগ করেন, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের স্ত্রী সুইটি খাতুনের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় নিজের প্রভাব বজায় রাখতে প্রতিবেশীদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, গ্রামের চলাচলের রাস্তায় গরুর ঘাস খাওয়ানো ও গোবর রাখাকে কেন্দ্র করে সুইটি খাতুন প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় গালিগালাজ ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট রাস্তার পাশে গোবর রাখাকে কেন্দ্র করে আঃ রাজ্জাক ও তার স্ত্রী রনজনা খাতুনের সঙ্গে সুইটি খাতুনের কথা-কাটাকাটি হয়। এর পরদিন ২৩ আগস্ট আব্দুস সাত্তার, তার স্ত্রী সুইটি খাতুনসহ কয়েকজন রাজ্জাকের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগে বলা হয়, ওই সময় বাড়িতে আঃ রাজ্জাককে না পেয়ে তার বোন বিধবা জায়েদা খাতুনকে সামনে পেয়ে সুইটি খাতুন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে জায়েদা খাতুন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ঘটনায় জায়েদা খাতুনের বড় ছেলে মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে, হামলা ও মারধরের ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের হয়রানি করতে প্রতিপক্ষের লোকজন নিজেদের মাথায় আঘাতের ঘটনা সাজিয়ে মামলা দায়েরের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আয়ুব আলী। তিনি দাবি করেন, বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হওয়ার মাধ্যমে ঘটনা সাজিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারা চলছে।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের পাঁয়তারা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।