রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ (জন্মশতবার্ষিকী) স্মরণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণ উন্নয়ন গ্রন্থাগারের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় গণ উন্নয়ন গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ৪০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি গ্রন্থাগারের নিজস্ব আঙ্গিনায় বেশ কিছু চারা রোপণ করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক জনাবা মাহমুদা ইয়ামিন, সদস্য জনাব মেহেদী হাসান মাছুম ও জনাব মো: তছলিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিরুল ইসলাম তামিম, মনিরুল ইসলাম মিঠু, গণ উন্নয়ন গ্রন্থাগারের গ্রন্থাগারিক মোঃ খবির উদ্দিন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'নিজেরা করি'-র প্রতিনিধি জনাব বিনয় রতন চাকমা।
পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে অমলিন রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।