মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
‘উন্নত মানবসম্পদ, সবুজ শিক্ষায়ন’—এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলা নোয়াখালীর সুবর্ণচরের নতুন শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বৈরাগী রাস্তার মাথা সংলগ্ন গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় এবং চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মহি উদ্দিন মানিক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের ডিরেক্টর মো. ছালা উদ্দিন, স্কুলের ডিরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী কেফায়েত উল্ল্যাহ জাবেদ, চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. জাকারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার সাইদুর রহমান সুবিন, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক গাজীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল বাবলা কান্তি দেবনাথ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন। পরে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অতিথিদের হাত থেকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অভিভাবকরাও অংশগ্রহণ করেন এবং শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ও মনোরম পরিবেশ, ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা, একাডেমিক কার্যক্রম, ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন শিক্ষার্থীদের আদর্শ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ এবং সময়ের সঙ্গে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।