মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে তিন ইউনিয়নের ছয়জন খুচরা সার বিক্রেতার সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের খুচরা সার বিক্রেতা আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের খুচরা সার বিক্রেতা হাবিবুর রহমানের অধীনে থাকা মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের খুচরা সার বিক্রেতা জাফর ইকবাল খান রিপনের অধীনে থাকা সুমন আহমেদের সার বরাদ্দও স্থগিত করা হয়েছে।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম জানান, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠার পর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ছয়জন খুচরা সার বিক্রেতার সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, বরাদ্দ বন্ধ থাকা খুচরা বিক্রেতাদের আওতাধীন কৃষকদের সার পেতে কোনো সমস্যা হবে না। তারা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।