॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে নজরুল বর্ষ উপলক্ষ্যে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মুহাম্মদ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান বক্তব্য রাখেন।
দু’টি পর্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়। প্রথম পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোল্লা মাজেদ, মোহাম্মদ এবাদত আলী সেখ, দেবাশীষ কুন্ডু, আবুল হাশেম ও বিকর্ণ মন্ডল।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও জাতীয় কবি নজরুলের সাহিত্য ও কর্মময় জীবনের উপর আলোচনা করেন পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুল হক ও কবি উত্তম মিত্র।
ষড়জিৎ বিষ্ণু শ্যাম ও ফিরোজ মাহমুদ মোক্তারসহ স্থানীয় লেখকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য সংস্কৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।