রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ভূঁইয়াপাড়া এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, সদস্য—ঢাকা আইনজীবী সমিতি, তাঁর বড় ভাই লাবু ও পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আইনজীবীর অভিযোগ, গত মে মাসে তাঁর বড় ভাই লাবুর কাছে চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না দিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না—এমন হুমকির ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি বেআইনি সমাবেশ করে তাঁদের বসতবাড়িতে হামলার চেষ্টা করেন। এ সময় মোসলেম উদ্দিন, ফরিদ উদ্দিন, রাকিব উদ্দিন, হেলাল উদ্দিন, রহিম উদ্দিন, নিজাম উদ্দিন, আশিক, মনজুরসহ কয়েকজন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন বলেন, তাঁকে ও তাঁর বড় ভাই লাবুকে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তাঁদের শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে নানা ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শনিবার ভূঁইয়াপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার কয়েকজনের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।
এদিকে স্থানীয়দের দাবি, মোসলেম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার মামলা নম্বর ২১, তারিখ ৮ মে ২০১৪ এবং কোতোয়ালি থানার মামলা নম্বর ৯-এর কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা, অভিযোগের প্রকৃতি এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতের আদেশ বা ওয়ারেন্ট রয়েছে কি না—তা সংশ্লিষ্ট থানার নথি যাচাই ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগে যাদের নাম এসেছে,পলাতক থাকায় তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। ফলে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি। অ্যাডভোকেট আরিফ হোসেন বলেন, “আমাকে ও আমার বড় ভাই লাবুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি হত্যার উদ্দেশ্যে রাতের অন্ধকারে বিভিন্ন স্থানে ছুরি নিয়ে অবস্থান করার বিষয়েও আমরা তথ্য পেয়েছি। আমরা এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আমাদের পরিবারের নিরাপত্তা চাই।”
লাভু ও তার ভাই এড, আরিফ ওই এাকার মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।