মোঃ জমির হোসেন,বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৩০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত পুরোনো ভ্যানসহ মো. সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলা কলেজের সামনে শার্শা-জামতলা সড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলম, এএসআই রমজান আলী, এএসআই মো. আতাউর রহমানসহ পুলিশের একটি দল চটকাপোতা এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন সহিদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং একটি ব্যাটারিচালিত তিন চাকার পুরোনো ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সহিদুল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।