মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের কলেজ গেইটে অবস্থিত ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এর Course and Assessment Center Accreditation অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির Registration No. STP-NOA-004289।

NSDA-এর অ্যাক্রেডিটেশনের আওতায় প্রতিষ্ঠানটি তিনটি দক্ষতা কোর্সে অনুমোদন পেয়েছে। এগুলো হলো Graphic Design (Level-3), Computer Operation (Level-2) এবং CCTV Camera Installation and Maintenance (Level-3)। এর আগে ২০২৩ সালের ৪ এপ্রিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে প্রতিষ্ঠানটি। NSDA-এর অ্যাক্রেডিটেশন পাওয়ায় নির্ধারিত কোর্সগুলোতে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানটি জাতীয় মানদণ্ডভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে।
২০২০ সালের ৭ মার্চ প্রতিষ্ঠার পর থেকে ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। বর্তমানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সিসিটিভি ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং ইংলিশ ফর ওয়ার্কসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে ৬৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। এ পর্যন্ত ৯০০ এর বেশি শিক্ষার্থী বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন।

ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের পরিচালক মহিব উল্লাহ মহিব বলেন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকেই ২০২০ সালে ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের যাত্রা শুরু করি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল তরুণদের বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনের পর NSDA এর Course and Assessment Center Accreditation অর্জন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তিনি আরও বলেন, তিনটি দক্ষতা কোর্সে NSDA এর অ্যাক্রেডিটেশন পাওয়ায় আমাদের দায়িত্ব আরও বেড়েছে। সুবর্ণচর ও আশপাশের এলাকার তরুণদের দক্ষতা উন্নয়নে কর্মবাজারের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণ চালু করতে চাই।
ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।