॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সকাল ১০টায় পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক পাংশা উপজেলা পরিষদ চত্বরে সমেবত হন। সেখান থেকে একযোগে র্যালী শুরু হয়ে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে র্যালী শেষ হয়। র্যালী শেষে পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাবের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু মুছা আশয়ারী, সংবর্ধিত গুণী শিক্ষকদের মধ্যে পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান।
গুণী ৪ জন শিক্ষকের মধ্যে সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন অনুপস্থিত ছিলেন। অপর গুণী শিক্ষক পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদেরকে সংবর্ধিত করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের কয়েক শত শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।