সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় বহুল আলোচিত জাকারিয়া হত্যা মামলার তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার ভোররাতে কালিগঞ্জ থানার ভারাশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ নাহিদ হাসান (২৬) এবং তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি অমিত হাসান ওরফে শিপন (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ নাহিদ হাসান সাতক্ষীরা সদর থানার ইটাগাছা পশ্চিমপাড়া (মানিকতলা) এলাকার মৃত গিয়াস উদ্দিন ও আরিফা আইরিনের ছেলে। একই এলাকার মোঃ হুমায়ুন কবীর ও মর্জিনা খাতুনের ছেলে অমিত হাসান ওরফে শিপন।
পুলিশ সুপার আরও জানান, আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে শুইলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ ও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।