বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হলেন তাড়াশের কৃতিসন্তান ডাঃ এম. হাকিম বাবু
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃতিসন্তান ও বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ এম. হাকিম বাবু। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জ পৌর কনফারেন্স রুমে জেলার সকল ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে উপস্থিত সকল চিকিৎসকের সর্বসম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব ডাঃ এ. কে. এম কবির আহমেদ (রিয়াজ) যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদনের পাশাপাশি নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, তাড়াশের কৃতিসন্তান ডাঃ এম. হাকিম বাবু সিরাজগঞ্জ জেলা ডেন্টাল সোসাইটির মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাড়াশ উপজেলা সহ পুরো সিরাজগঞ্জ জেলার চিকিৎসক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।