হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।

​নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিধ্যা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

জানা গেছে, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা অনিয়মের তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বুধবার দুপুরে দেশ টিভি ও আমাদের সময় পত্রিকার হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস টেলিভিশন ও খবরের কাগজ-এর হাতিয়া প্রতিনিধি মোঃ হানিফ উদ্দিন সাকিব ওই বিদ্যালয়ে সরেজমিনে তথ্য সংগ্রহে যান।

অভিযোগে বলা হয়েছে, সংবাদ সংগ্রহে গেলে সহকারী শিক্ষক অমিত দাস তাঁদের কাজে বাধা দেন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও মারমুখী আচরণ করেন। এ সময় তাঁদের হাতে থাকা ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি স্মার্ট ফোনে ভিডিও ধারণ করে সাংবাদিকদের উদ্দেশে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে ওই সাধারণ ডায়েরিতে। এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত সহকারী শিক্ষক অমিত দাস এর আগে হাতিয়া উপজেলার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে অন্য একজন শিক্ষককে অনুপস্থিত দেখিয়ে বেতন উত্তোলনের অভিযোগ রয়েছে। 

পাশাপাশি লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় একজনকে রেখে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে বদলি হয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

 এই ঘটনায় নিজের ও সহকর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শামিম উজ্জামান হাতিয়া থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন, যা জিডি নম্বর ১২৮৫ হিসেবে নথিভুক্ত হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের সুযোগ দেয়া, এক শিক্ষক বিশিষ্ট বিদ্যালয় থেকে বিতর্কিত বদলি এবং তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের মতো অভিযোগগুলো স্থানীয় সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে। 

প্রাথমিক শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযুক্ত সহকারী শিক্ষক অমিত দাসের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।”