
॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
উ ল্লাপাড়ার বিভিন্ন হাট বাজারে গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে উঠতে শুরু করেছে রসালো ফল তরমুজ। ফাল্গুনের শুরুতেই বাজারজুড়ে লাল সবুজের সমারোহ চোখে পড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌর বাজার, গ্রামীণ হাট এবং সড়কের পাশের অস্থায়ী দোকানগুলোতে তরমুজের স্তূপ সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
তরমুজের আগমনে বাজারে যেন এক ধরনের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সবজি ও অন্যান্য ফলের পাশাপাশি তরমুজের লাল রঙ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। বিক্রেতারাও ক্রেতা টানতে তরমুজ কেটে ভেতরের রং ও মান দেখাচ্ছেন।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তরমুজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের একটি তরমুজের দাম পড়ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। মৌসুমের শুরু হওয়ায় সরবরাহ এখনও সীমিত, ফলে দাম কিছুটা চড়া থাকলেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি।
খুচরা বিক্রেতারা জানান, প্রথম দিকের তরমুজ সাধারণত কম আসে এবং পরিবহন খরচও তুলনামূলক বেশি থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসবে বলে আশা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, সিলেট থেকে পাবনার বেড়া আড়ৎ থেকে ট্রাক ও পিকআপভ্যানে করে তরমুজ আনা হচ্ছে। ভোরে পাইকারি আড়তে ফল নামানো হয়, এরপর সেখান থেকে খুচরা বিক্রেতারা কিনে বিভিন্ন বাজারে ছড়িয়ে দেন। প্রতিদিন সকালেই বাজারে নতুন চালান পৌঁছায়, যা ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি করছে।
গরমের আগমনী হাওয়ায় তরমুজের চাহিদা দ্রুত বাড়ছে। অনেকেই জানান, ইফতার কিংবা দুপুরের খাবারের পর ঠাণ্ডা তরমুজ শরীরে প্রশান্তি আনে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই ফল বেশ উপকারী বলে মনে করছেন অভিভাবকরা। একাধিক ক্রেতা বলেন, দাম একটু বেশি হলেও মৌসুমের শুরুতে তরমুজ খেতে পারছি এটাই বড় কথা। সামনে দাম কমলে আরও বেশি করে কিনবো।
তরমুজের আগমনে বাজারে যেন এক ধরনের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সবজি ও অন্যান্য ফলের পাশাপাশি তরমুজের লাল রঙ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। বিক্রেতারাও ক্রেতা টানতে তরমুজ কেটে ভেতরের রং ও মান দেখাচ্ছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে তরমুজের বাজার আরও জমজমাট হবে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে উল্লাপাড়ার বাজারগুলোতে তরমুজের বেচাকেনা কয়েকগুণ বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে, মৌসুমের শুরুতেই উল্লাপাড়ার বাজারে তরমুজের আগমন ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই এনে দিয়েছে নতুন উদ্দীপনা ও স্বস্তির বার্তা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
