মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি 

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

পরবর্তী গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ নভেম্বর মধ্যরাত ১টার দিকে দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে ডাকাত বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করা হয়। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ২টি দেশীয় ওয়ান শুটার ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বর আসাবুরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছিল; জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি শুরু করেন।

উদ্ধারকৃত জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসাবুর, জব্দকৃত নৌকা ও অস্ত্রের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া গত ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির নিয়মিত টহল দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা, স্থানীয়দের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এছাড়া সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন লেঃ এম এইচ রিফাত, (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা বিসিজিএস তৌহিদ)