এ আর আজাদ সোহেল,  ‎নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

‎নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কথিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও নারী নির্যাতনকারী তানভীর মেহেদী রাতুলের সংঘবদ্ধ নির্যাতন, চাঁদাবাজি ও অপহরণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

‎‎২৯ নভেম্বর (রবিবার) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসী রাহুলের দৃষ্টান্তমূলক বিচার এবং ফাঁসির দাবি জানান। কর্মসূচি শেষে তারা নোয়াখালী পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।
‎
‎​স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপাই গ্রামের বাসিন্দা মো. আলা উদ্দিন মিলনের ছেলে তানভীর মেহেদী রাতুল একজন পেশাদার সন্ত্রাসী, খুনি, অপহরণকারী, ইয়াবা ডিলার, চাঁদাবাজ এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার ভয়ে ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে উল্লেখ করা হয়।
‎
‎​স্মারকলিপিতে আরও দাবি করা হয়, অতীতে স্থানীয় রঞ্জিত চন্দ্রের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে একপর্যায়ে নগদ ৩০ হাজার টাকা আদায় করা হয়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানোর জেরে গত ১৪ মার্চ (২০২৬) তাকে হত্যা করে মরদেহ স্থানীয় একটি পুকুরে ফেলে রেখে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়। বর্তমানে হত্যাকারীদের ভয়ে রঞ্জিতের পরিবার মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও উল্লেখ করা হয়।

‎এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাহুল ও তার চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্মারকলিপির অনুলিপি ডিজিএফআই-এর ওসি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবরও পাঠানো হয়েছে।