মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙ্গন পরিদর্শনের পর নেয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙ্গন কবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

এ ভাঙ্গন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙ্গে পড়ছে। এখানকার ভাঙ্গনটা সোজা/খাড়া, ফলে এ ভাঙ্গন প্রতিরোধ করা সহজ না। নদীর বাঁকগুলো কিভাবে ঠিক/সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙ্গন অব্যাহত রয়েছে।

এ ভাঙ্গন রোধেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এই পরিদর্শন। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙ্গন রোধে একটা যৌক্তিক সমাধানে যেতে হবে। যেন এই জনপদের মানুষগুলো ভাঙ্গনের শিকার থেকে মুক্তি পায়। কারণ তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে। দিনশেষে এই মানুষগুলো বেকার হচ্ছে। তারা উদবাস্তুুতে পরিণত হচ্ছে। ভাঙ্গন রোধে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও সরকারকে এটা জানানো এবং তাদেরকে সহযোগীতা করা। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো।

শনিবার সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকার ভাঙ্গন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মোঃ হুময়ায়ন কবির ও বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা। পরিবেশ প্রতিমন্ত্রী এ সময় ওই এলাকায় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের মুখ থাকা পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।