॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
খুলনা-ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নতুন ট্রেনের গার্ড (পরিচালক) শামিম আহম্মেদকে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পাংশা রেলওয়ে স্টেশনে বই উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পাংশার বিশিষ্টজনেরা। তারা পাংশাবাসীর পক্ষ থেকে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস স্থায়ীভাবে চলাচলের দাবি জানান।
জানা যায়, শনিবার থেকে খুলনা-ঢাকা রুটে অস্থায়ীভাবে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে উৎসুক লোকজনসহ ঢাকার যাত্রীসাধারণ স্টেশনে সমবেত হন। লোকজনের সমাগমের ফলে পাংশা রেলওয়ে স্টেশন মুখরিত হয়ে উঠে।
দুপুর সোয়া ১২টার সময় ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছিলে ট্রেনের গার্ড (পরিচালক) শামিম আহম্মেদকে উপহার হিসেবে স্বরচিত “স্মৃতির পাতায়” কাব্যগ্রন্থ প্রদান করে শুভেচ্ছা জানান পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহসভাপতি এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মো. সহিদুর রহমান।
এ সময় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের ক্রীড়া সম্পাদক শামীম মাহমুদ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্সি তৌহিদ আহম্মেদ, ব্যবসায়ী মো. মোক্তার হোসেন ও স্বপন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মো. সহিদুর রহমানসহ অন্যান্যরা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি স্থায়ীভাবে চলাচলের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তারা বলেন, পাংশা রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন পেশার অনেক যাত্রী ঢাকায় যান। এই লাইনে এক্সপ্রেস ট্রেন চলাচলে রেল বিভাগ লাভবান হবে।
এ ব্যাপারে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের গার্ড শামিম আহম্মেদ খুলনা-ঢাকা রুটে ট্রেনটি স্থায়ীভাবে চলাচলের দাবির সাথে সহমত প্রকাশ করেন এবং এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে তিনি প্রচেষ্টা চালানোর আহবান জানান।
পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির জন্য পাংশা স্টেশনে এসি এবং শোভন মোট ৬০টি আসন বরাদ্দ আছে। কিন্তু বরাদ্দের চেয়ে যাত্রীর সংখ্যা অনেক বেশি। প্রথম দিনেই শতাধিক টিকিট বিক্রি হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।