মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার : 

রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফুল সরদার (২৭) ও আকুল সরদার (৩২) নামের ২ ব্যক্তিকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। ধৃত আরিফুল সরদার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী সেনগ্রাম পাড়া গ্রামের মৃত সালাই সরদারের ছেলে। এছাড়া ধৃত আকুল সরদার চর ঝিকড়ী জাগদে পাড়া গ্রামের হাবিবুর সরদারের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৭টার সময় হাবাসপুর গ্রামের জনৈক শরিফুল ইসলাম অরফে একেনের বসত বাড়ীর উঠন থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ আরিফুল সরদারের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আকুল সরদারের নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরিফুল সরদার ও আকুল সরদারের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।