মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণ শ্রমিক কল্যাণ সমবায় সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে হওয়ায় নতুন কমিটি গঠনসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার চরবাটা খাসের হাট সংলগ্ন প্রশান্তি কনভেনশন হলে এ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা, নতুন কমিটি গঠন, উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সদস্য ও উপদেষ্টারা মতামত তুলে ধরেন।

সমিতির সভাপতি মো. আহছান উল্ল্যাহ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সমিতির উপদেষ্টা বেলাল হোসেন সুমন, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনজুরুল আক্তার মজনু, তরুণ সমাজসেবক ও সমিতির উপদেষ্টা মতিউর রহমান হিমেল, চর আমান উল্লাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মহিউদ্দিন, সমিতির সাবেক সভাপতি মো. সেলিম কন্ট্রাক্টর এবং উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সংগঠনের এ পর্যন্ত আয়-ব্যয় ও বিভিন্ন লেনদেনের হিসাব উপস্থাপন করেন। পরে সমিতির উপদেষ্টা আব্দুর রহমান খোকন বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
আলোচনায় বক্তারা নির্মাণ শ্রমিকদের কল্যাণে সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। শ্রমিকদের বিপদে-আপদে সহযোগিতা, পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরে সেগুলো সমাধানে পরামর্শ দেন। নতুন কমিটি গঠন, উপদেষ্টা পরিষদকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতে নতুন উদ্যোগ গ্রহণের বিষয়েও মতামত দেন বক্তারা।
উল্লেখ্য, সুবর্ণচরের নির্মাণ শ্রমিকদের অন্যতম বৃহৎ এ সংগঠনটি শ্রমিকদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টারা।

মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।