নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতি‌নি‌ধি

২৯ নভেম্বর (রবিবার) সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পাবলিক লাইব্রেরিতে উপকূলের স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে উঠে আসা জলবায়ু সংকটের মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর টিকে থাকার কৌশল, অভিজ্ঞতা, চাহিদা ও করণীয় বিষয়ে ইউনিয়ন পরিকল্পনা করা হয়। পরবর্তীতে তাদের সমন্বিত সুপারিশ ও মতামত নিয়ে উপজেলা পর্যায়ে পরিকল্পনা তৈরী করা হয়। সকল পরিকল্পনার সমন্বিত তথ্য নিয়ে আজ মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যাশা ও সুপারিশগুলো তুলে ধরা হয়, যাতে গণমাধ্যমের সহযোগিতায় সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের পথ তৈরি হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তাহীনতা, জনস্বাস্থ্য ঝুঁকি, জীববৈচিত্র্যের ক্ষতি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সহ নানা সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত ও কার্যকর অভিযোজন উদ্যোগ গ্রহণ করা জরুরি।

উপকূলীয় অঞ্চলের প্রধান সংকট ও সম্ভাবনা বিবেচনায় সুপেয় পানি ও উপকূলীয় পানি ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য, নারী ও শিশুর অধিকার, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য, জীবন-জীবিকা ও কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশে রাসায়নিক ঝুঁকি এবং যুব নেতৃত্ব ও সামাজিক সমতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উল্লেখিত উদ্যোগগুলো বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কৃষি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা বিশেষভাবে প্রয়োজন। কারণ জলবায়ু সংকট মোকাবিলায় উল্লেখিত সংকট ও করনীয়গুলো কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ।

আমাদের প্রত্যাশা, স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।