সূবর্ণচরে গভীর রাতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান মালামালসহ প্রায় ৩১ লাখ টাকার সম্পদ নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে শান্তির হাটের পূর্ব পাশে আজাদ মিয়ার বাড়িতে (আজাদ মিয়ার ছেলে মো. রিফাত বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকায় স্থানীয়ভাবে রিফাত পুলিশের বাড়িও বলে।)


পরিবারের সদস্য তারেক আজিজ জানান, চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ছোট ভাইয়ের বিয়ের স্বর্ণালঙ্কার, তার স্ত্রীর গহনা, মা ও বোনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এছাড়াও ভালো পোশাকসহ অন্যান্য জিনিসপত্রও খোয়া গেছে।


স্থানীয়দের ধারণা, তিনজনের একটি দল মোটরসাইকেলযোগে শান্তির হাটের দক্ষিণ পাশ অথবা রেনু বাজারের দিক থেকে এসে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় আশপাশের বাজার ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


এলাকাবাসীর মতে, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে সুবর্ণচরের বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাচ্ছে। অন্যদিকে এই চুরির ঘটনা তাদেরকে আরো বেশি আতঙ্কিত করছে। তাই তারা প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


চর জব্বর থানার ওসি লুৎফর রহমান বলেন, 'আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে চুরির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ বিষয়ে সক্রিয় রয়েছে। পাশাপাশি তিনি এলাকাবাসীকেও এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ