মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা এলাকায় সুইজগেট বাজার থেকে মুজিবনগর বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণের ৪২ বছর পরও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান এবং সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (৭ জুন) দুপুরে দক্ষিণ বাগ্যা গ্রামের সুইজগেট বাজার-মুজিবনগর বেড়িবাঁধ সড়কে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন মাঝি, মো. খোকন মাঝি, বাদশা আলম, বিবি ফাতেমা ও ফারজানা আক্তারসহ অনেকে। বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৮২ সালে সড়কটি নির্মিত হলেও চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। আশপাশের বিভিন্ন সড়ক উন্নয়ন হলেও গুরুত্বপূর্ণ এ সড়কটি বারবার উপেক্ষিত হয়েছে।
তাদের অভিযোগ, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় বড় বড় গর্তের। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী, কৃষক, ব্যবসায়ী এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি রোগী হাসপাতালে নেওয়া কিংবা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে দ্রুত সেবা পৌঁছানোও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে সড়কজুড়ে ধুলাবালির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অন্যদিকে কৃষকরা উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের এ সড়ক উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ বা তৎপরতা দেখা যায়নি। ফলে বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এ যোগাযোগপথ।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি সড়ক নয়, দক্ষিণ বাগ্যা ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তাই আর কোনো আশ্বাস নয়, দ্রুত সড়কটির পাকাকরণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে কাজ শুরুর দাবি জানান তারা।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, সড়কটির জন্য নতুন আইডি খোলা হয়েছে এবং বরাদ্দের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়কটির উন্নয়ন কাজ শুরু করা হবে।
মানববন্ধন থেকে অবহেলিত এই সড়ক দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :