সুবর্ণচরে মুফতি মাকসুদ আলম মাসুম (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 


নোয়াখালীর সুবর্ণচরে নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সদ্য প্রয়াত সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাকসুদ আলম মাসুম (রহ.)-এর স্মরণে 'জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় উপজেলার চরক্লার্ক জনতা বাজার এলাকায় অবস্থিত নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুফতি মাকসুদ আলম মাসুম (রহ.) ছিলেন একজন বিনয়ী, সদালাপী ও মানবিক আলেম। তিনি দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসায় শিক্ষকতাসহ ইসলামী মূল্যবোধ প্রচার এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বয়ান করে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর সুন্দর আচার-আচরণ, মানুষের প্রতি আন্তরিকতা এবং ধর্মীয় জ্ঞান সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।


বক্তারা আরও বলেন, তাঁর অকাল মৃত্যু সুবর্ণচরের ধর্মপ্রাণ মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। নির্ভেজাল মনের অধিকারী তরুণ আলেম হিসেবে তিনি অল্প সময়ে অগণিত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।


উল্লেখ্য, গত ১০ জুলাই সড়ক দুর্ঘটনায় মুফতি মাকসুদ আলম মাসুম (রহ.) ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সুবর্ণচরসহ নোয়াখালীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার বড় পরিসরের জানাযায় বিভিন্ন স্থানের অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ