এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
ইন্টেরিয়র সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ কর্মীরা আকস্মিক নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করে। এটাকে কেন্দ্র করে জেলাব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার পর শুক্রবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ৯ জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর নোয়াখালীতে ছাত্রলীগের এত বড় জমায়েত ও মিছিলের ভিডিও এবং ছবি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে দুপুর থেকেই বাঁধেরহাট বাজার এলাকায় প্রায় হাজার খানেক নেতাকর্মী জড়ো হতে শুরু করেন। পরে একটি বড় বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা মব সন্ত্রাসbও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে বাজারে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীদের সংখ্যা বিপুল হওয়ায় তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেননি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, মিছিলের গোপন তথ্য পাওয়ার পর আমরা আগে থেকেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছিলাম। ফলে মূল বাজারে নির্ধারিত স্থানে কর্মসূচি করতে না পেরে তারা কৌশলে বাজারের বাইরের সড়কে ঝটিকা মিছিল করে। তবে ঘটনাটি জানার পরপরই পুলিশ তৎপর হয়।
তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এই ২৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :