আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের বড়ঘোনা গ্রামে একটি সরকারি ব্রিজের মুখ মাটি ফেলে বন্ধ করার অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম জনদুর্ভোগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, আব্দুল জলিল ফকির নামের এক ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে ব্রিজটি বন্ধ করে দিয়েছেন, যার ফলে হাজারো মানুষের যাতায়াত ও কৃষি ব্যবস্থা বিপন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ১৯৮৮ সালে নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে এলাকার পানি প্রবাহ ও মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ব্রিজের মুখে মাটি ফেলা হয়েছে, যার কারণে বড়ঘোনা মৌজার সাড়ে সাতশো বিঘা জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকরা বলেন, “ব্রিজ বন্ধ হলে আমাদের জমিতে পানি জমে যাবে, চাষাবাদ অসম্ভব হয়ে যাবে এবং আমাদের জীবিকা বিপন্ন হবে। পাশের কবরস্থানও পানিতে তলিয়ে যেতে পারে।” তারা আরও জানান, ব্রিজের নিচ দিয়ে ডিপ কলের পানি প্রবাহিত হয়ে অন্তত ৩০০-৪০০ বিঘা জমিতে সেচ দেওয়া হয়, যা বন্ধ হলে পুরো এলাকার কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে।
স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, “প্রতিবাদ করার কারণে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কবরস্থানেও সমস্যা হতে পারে। উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মতিন হোসেন বলেন, “সরকারি স্থাপনা বন্ধ করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা সম্পূর্ণ অবৈধ। প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।
ব্রিজের মুখ বন্ধের বিষয়ে আব্দুল জলিল ফকিরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার নিজের প্রয়োজনে নিজের জায়গায় মাটি ফেলেছি ফেলেছি।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা জানিয়েছেন, অভিযোগটি নেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দাবী করছেন, দ্রুত ব্রিজ থেকে মাটি অপসারণ করা হোক এবং পানি চলাচল স্বাভাবিক করা হোক, অন্যথায় আসন্ন বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা ও কৃষি বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :