আওয়ামী লীগ নেত্রী রুবির কবল থেকে মুক্ত পৈতৃক ভিটা, ১৭ বছর পর প্রবাসীর স্বস্তি!


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা প্রতিনিধি: 


দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার দেবহাটায় ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমির দখল ফিরে পেয়েছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর শরিকরা। জমিটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে রাখার অভিযোগ ছিল কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে।


দীর্ঘদিন পর নিজেদের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশের পাশাপাশি সহযোগিতাকারী স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


ভুক্তভোগী প্রবাসী শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাঁদের ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি রয়েছে। তাঁর অভিযোগ, ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের ও তাঁদের সহযোগীরা ওই জমি দখলে নিয়ে মৎস্য চাষ শুরু করেন।


শরিফুলের দাবি, রাজনৈতিক প্রভাব ও প্রাণনাশের আশঙ্কায় দীর্ঘদিন তাঁরা নিজেদের জমি উদ্ধারে কার্যকরভাবে এগোতে পারেননি। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে চলতি বছরের ৩ জুলাই সকালে স্বজনদের নিয়ে ওই জমিতে যান। অভিযোগ রয়েছে, এ সময় রওশন আরা রুবি, তাঁর ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন ও আব্দুল আলিমসহ ১০-১৫ জনের একটি দল তাঁদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে চলে যেতে বাধ্য করে।


এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার সাতক্ষীরার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পর পুলিশ সুপার বিষয়টি মীমাংসার জন্য দেবহাটা থানাকে নির্দেশ দেন। তবে অভিযোগকারী পরিবারের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত পক্ষ থানায় অনুষ্ঠিত মীমাংসা প্রক্রিয়ায় উপস্থিত হয়নি।


পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং সাতক্ষীরা আদালতের জিপির (এচ)-এর উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বৈঠকে রওশন আরা রুবি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সেখান থেকে চলে যান।


এদিকে জমি সংক্রান্ত মামলার বিষয়ে শরিফুল ইসলাম ও তাঁর পরিবারের দাবি, রওশন আরা রুবি নিম্ন আদালত ও জজকোর্টে পরাজিত হওয়ার পর উচ্চ আদালতে রিট আবেদন করেন। তাঁদের অভিযোগ, এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে রওশন আরা রুবি উচ্চ আদালতের রায় তাঁর পক্ষে এসেছে বলে দাবি করেছেন, যা ভুক্তভোগী পরিবারের মতে সঠিক নয়।


অবশেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মঙ্গলবার প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর শরিকরা আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিন ধরে দখলে থাকা ওই পৈতৃক জমির দখল বুঝে পান। এতে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের অবসান ঘটায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


তবে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শরিফুল ইসলাম। তাঁর অভিযোগ, রওশন আরা রুবির ছেলে ও ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাদের তাঁর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের পাঁয়তারা করছেন।


এ অবস্থায় সম্ভাব্য হয়রানি ও ষড়যন্ত্র থেকে রক্ষা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ