পাবনা , জেলা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ফল মেলাও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ আল সাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা তরবিয়াতের সেক্রেটারি মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইভি সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও সুধীজন।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, রোপা আমন ধানের বীজ, শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের উপকরণ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাক-সবজি উৎপাদনের উপকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
এছাড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ফল মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিগুণ সম্পর্কে কৃষক ও দর্শনার্থীদের অবহিত করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার মোট ৭ হাজার ৪২০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :