নোয়াখালী জেলা প্রতিনিধি।।
নোয়াখালীর সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জান্টার খাল পাড় এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন ও মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিবছরের মতো এবারও কিছু ব্যক্তি ব্রিক ফিল্ড এলাকা থেকে এসে সেখানে নিয়মিতভাবে মাদকের আসর জমাচ্ছে, যা পুরো এলাকার জন্য উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এসব ব্যক্তির কারণে এলাকার যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে মাদকের বিস্তার ঘটার আশঙ্কা বাড়ছে। তারা জানান, এই চক্রের মাধ্যমে এলাকায় মাদক ছড়িয়ে পড়ছে এবং সামাজিক পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে চলাফেরা করায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। কেউ প্রতিবাদ বা বাধা দিতে গেলে নানা ধরনের ভয়ভীতি ও আতঙ্কের মুখে পড়তে হয়। ফলে স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এ বিষয়ে এলাকাবাসী জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে মাদকসেবী ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সচেতন মহল মনে করছেন, এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পুরো এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :