মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ওপর সংকীর্ণ ইউড্রেন নির্মাণের কাজ বন্ধ করে বড় কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, উপজেলার হারিছ চৌধুরী (আটকপালিয়া) বাজার থেকে তনু দোকান হয়ে পাংখার বাজার সংযোগ সড়কের একটি প্রায় ৪৫-৫০ ফুট প্রশস্ত খালের ওপর মাত্র ৩ ফুট প্রস্থের ইউড্রেন নির্মাণ কাজ চলছিল। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়ে ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় এবং স্থানীয়দের দুর্ভোগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়।

এ বিষয়ে সংবাদ পেয়ে রবিবার (১৯ এপ্রিল) সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনেন। তাৎক্ষণিকভাবে ইউএনও সংশ্লিষ্ট কাজ বন্ধের নির্দেশ দেন। পরে তিনি ওই স্থানে উপযোগী একটি বড় কালভার্ট নির্মাণের আশ্বাস দেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে তাদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। তারা দ্রুত কাজটি বাস্তবায়নের দাবি জানান।
আপনার মতামত লিখুন :