এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকায় একটি বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা লুট এবং ব্লাংক স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, লুণ্ঠিত নগদ ২৭ হাজার টাকা, ২টি মোবাইল এবং আসামিদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ৮ টায় সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
তিনি জানান, সোমবার (০৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে নোয়াখালী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার হক ম্যানশন ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় ঢুকে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি ও ভয়ভীতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভাড়াটিয়া নাঈমা আক্তার (১৮)-এর বাসায় ৩ জন দুর্বৃত্ত প্রবেশ করে পরিবারের সদস্যদের হত্যার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জোরপূর্বক খালি ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর রেখে নগদ ২৭ হাজার টাকা লুট করে নেয়।
ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. নজরুল ইসলামের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক পলাশ দাশ ও এসআই লন্ডন,এসআই মো. জাকির হোসেনসহ মোবাইল ডিউটি ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ভবনটি ঘেরাও করে তল্লাশির একপর্যায়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সন্দেহজনকভাবে এক যুবককে আটক করে। তার পকেট তল্লাশি করে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল এবং বাম পকেট থেকে নীল রঙের প্যাকেটে রক্ষিত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে লুট করা নগদ ২৭ হাজার টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়। পরবর্তীতে ভবনের নিচ থেকে আসামিদের ব্যবহৃত ২টি মোটরসাইকেলও আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন টিটু (৩১) বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউপির ৯নং ওয়ার্ডের জাহানাবাদ এলাকার ছোট খামার বাড়ি এলাকার নূর আলম ও মোবাশ্বেরা বেগম দম্পতির ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানিয়েছে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখম সংক্রান্তে পূর্বে ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :