এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো. ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়াড়ি ছাড়াও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, জিআর পরোয়ানাভুক্ত এক আসামি এবং ধর্ষণচেষ্টা মামলার এক আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে থাইল্যান্ডি জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পৃথক অভিযানে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস এবং পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :