সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া দুই শিশুকে টানা এক মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। একজন শিশু বাড়ি ফিরে আসার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে অপর শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬ দুপুরে রহমতখোলা গ্রামের মো. আব্দুল্লাহ (১০) ও আটারদাগ গ্রামের আফসার হোসেন (১২) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তাদের কোনো সন্ধান না মেলায় দুই পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো তথ্য না পেয়ে ১৩ জুন এনায়েতপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা।
অভিযোগের ভিত্তিতে এনায়েতপুর থানার মামলা নং-৭ রুজু করে পুলিশ। প্রথমে মামলার তদন্তভার দেওয়া হয় এসআই রিয়াজুল ইসলামের ওপর। পরবর্তীতে তিনি বদলি হলে তদন্তের দায়িত্ব গ্রহণ করেন এসআই ফরিদ উদ্দিন। এরপর থেকেই নিখোঁজ দুই শিশুর সন্ধানে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন স্থানে অনুসন্ধান অব্যাহত রাখে পুলিশ।
গত ৮ জুলাই আফসার হোসেন নিজ বাড়িতে ফিরে আসে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তারা দুজন স্বেচ্ছায় সয়দাবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় এবং পরে সিলেটে যায়। সেখানে রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলে কাজ নেয়। কিছুদিন পর কাজ ভালো না লাগায় আফসার বাড়ি ফিরে এলেও আব্দুল্লাহ সেখানেই থেকে যায়।
আফসারের দেওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে ৯ জুলাই এসআই ফরিদ উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিলেটে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ অনুসন্ধানের পর আব্দুল্লাহকে উদ্ধার করে ১১ জুলাই রাতে নিরাপদে এনায়েতপুর থানায় ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, "নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। একজন শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অপর শিশুকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :