উল্লাপাড়ায় মোবাইলে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন দিয়ে হাঁটার সময় মোবাইল ফোনে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটসংলগ্ন বর্ধনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুবেল রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন এবং তার কানে হেডফোন লাগানো ছিল। ফলে পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হুইসেল তিনি শুনতে পাননি। একপর্যায়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নিহতের দাদা সানেয়ার হোসেন (ছানা) জানান, রুবেল মোবাইলে খেলা দেখায় এতটাই মনোযোগী ছিলেন যে ট্রেনের শব্দ বা হুইসেল টের পাননি। হেডফোন ব্যবহারের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।


খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।


উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রূপকর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি রেললাইন দিয়ে চলাচলের সময় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে সচেতনতার প্রয়োজনীয়তা সামনে এসেছে। সচেতন মহলের মতে, রেললাইন দিয়ে হাঁটার সময় মোবাইল ফোনে ভিডিও দেখা বা হেডফোন ব্যবহার প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। তাই এ ধরনের অসতর্কতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ