মাদক সেবী ও বহিরাগতদের দখলে পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, আতঙ্কে শিক্ষার্থীরা।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 পাবনা জেলা প্রতিনিধি।। 


 পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ-এ সম্প্রতি বহিরাগতদের অবাধ প্রবেশ ও নানা অপ্রীতিকর কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলার অবনতি ঘটায় স্বাভাবিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।


শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত বছর ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার সদস্য নিয়োগের পর পরিস্থিতির উন্নতি হয়েছিল। বহিরাগতদের দ্বারা সংঘটিত নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।


তবে গত ৬ মার্চ একদল দুর্বৃত্ত আনসার সদস্যদের ওপর হামলা চালায় এবং তাদের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং ভুক্তভোগী আনসার সদস্যসহ তিনজনকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বহিরাগতদের দৌরাত্ম্য বেড়েই চলেছে এবং ক্যাম্পাসে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠছে।


এদিকে, ক্যাম্পাসে প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন, মোটরসাইকেল শোডাউন, উচ্চস্বরে হর্ন বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, এমনকি ইভটিজিংয়ের মতো অভিযোগও উঠছে। এসব ঘটনায় উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।


সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, প্রশাসনের দুর্বল অবস্থানের কারণেই পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, বহিরাগতদের নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ