উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচের ফাইনাল, হাজারো দর্শনার্থীর ঢল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর তীরে সোনতোলা ঘাটে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মাওলানা রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।


উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলকান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া - সলঙ্গা ) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মোট ২০টি নৌকা অংশ নেয়।


নৌকা বাইচকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকেই করতোয়া নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। উল্লাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ, শিশু কিশোরসহ হাজারো দর্শনার্থী নদীর দুই তীরে জড়ো হন। ঢাক ঢোলের বাদ্য, মাঝি মাল্লাদের বৈঠার ছন্দ এবং দর্শকদের করতালিতে পুরো নদীপাড় উৎসবমুখর হয়ে ওঠে।


প্রতিযোগিতায় একের পর এক নৌকা নদীর বুক চিরে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গ্রামবাংলার সুস্থধারার সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। বিদেশি অপসংস্কৃতির প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে নিজস্ব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তিনি আরও বলেন, দেশের যুব সমাজের একটি অংশ মাদকের ভয়াবহতার মধ্যে জড়িয়ে পড়ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে শারীরিক পরিশ্রম ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবে। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিজয় খাদলী, উল্লাপাড়া এবং দ্বিতীয় স্থান অর্জন করে কৈবর্তগাতী, উল্লাপাড়া।


নৌকা বাইচ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম আল আমীন হোসেন, সলপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম, বড়হর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল আহমাদ এবং দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মমিন।


উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) করতোয়া নদীর সোনতলা এলাকায় তিন দিনব্যাপী এ নৌকা বাইচ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকেই নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ