এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানজির মুহাম্মদ সজীব (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা সদরের সুধারাম থানাধীন মাইজদী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত তানজির মুহাম্মদ সজীব নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার চৌকিদার বাড়ির আবু তাহেরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসি’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাইজদী বাজারের পুলিশ লাইন রোডের কাজী মেজবাহ স্টোরের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন তানজির মুহাম্মদ সজীবকে তল্লাশি করে তার কাছে থাকা ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :