মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখাল) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের চাপায় আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের চোখের সামনেই ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. ইয়ামিন, উপজেলার চর বায়েজিদ গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন তার মায়ের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ তার হাত ছুটে গেলে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর শিশুটির মা শোকে ভেঙে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটি ঘটে চোখের পলকে। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :