পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার শালগাড়িয়া গোরস্থান পাড়ার বাসিন্দা ও গ্যারেজ ব্যবসায়ী শামীনুর আলম বুলুর কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার ম্যানেজারকে মারপিটে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভূক্তভোগী ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় শালগাড়ীয়া গোরস্থান সড়কের বাসিন্দা আহসান উদ্দিনের ছেলে শামীনুর আলম বুলু (৫২) শালগাড়ীয়া মৌজায় বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি যার খতিয়ান নং ৩৩৪, জে এল নং ৮০, আর এস দাগ নং ১২৮,১৪৯, জমির পরিমাণ ৭০ শতাংশ। উক্ত জমি লিজ নিয়ে বুলু গ্যারেজ নির্মাণ করে ভাড়ায় পরিচালনা করে। দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার দাবি করে আসছে। বুলু চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছিলো।
ইতিপূর্বে উল্লেখিত আসামীরা গ্যারেজে অনধিকার প্রবেশ করে কর্মচারীদের মারপিট, টাকা চুরিসহ আসবাবপত্র ক্ষতিসাধন করে। গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮ টার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র চাপাতি, জিআই পাইপ, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে গ্যারেজে অনধিকার প্রবেশ করে ম্যানেজার বকুলের কাছে ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি করে, বকুল চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এক পর্যায়ে সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্র দীয়ে বাবুলকে বেদম ভাবে মারপিট করে। এরফলে বকুলের হাত, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আহত হয়। বকুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বকুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় গ্যারেজ মালিক শামীনুর আলম বুলু বাদী হয়ে বানী, এমিলি, হেলাল ও কাউছারের নাম উল্লেখ করে পাবনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায় অজ্ঞাত কারণে উক্ত অভিযোগটি এখনো নিয়মিত তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই। ভূক্তভোগী বুলু জানান বানির ছেলে এমিল বৈষম্য বিরোধী আন্দোলন মামলার এজাহারভূক্ত আসামি। জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :