এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাটে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা আরশাদ ওরফে আকাশ (২৪) ও সাজ্জাদ হোসেন আকাশ (১৯) নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার স্থানীয় এক দোকানে অভিযুক্ত আকাশের মাদক সেবনের প্রতিবাদ করেন ফারুক। এতে ক্ষিপ্ত হয়ে আকাশ তাকে হত্যার হুমকি দেন। বুধবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে সাব-স্টেশনের সামনে পেছন থেকে ফারুকের মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী এলাকায় তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, মাদক নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :